আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম উপস্থিত থেকে অপসারন কাজের নেতৃত্ব প্রদান করেন।
আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় ও জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে পলি খনন কাজ শুরু করা হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, বেতনা নদী খননকাজ চলমান থাকায় গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়নি। ফলে অতি বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় খাল বিল রাস্তাঘাট সহ বুধহাটার বিক্তীর্ণ এলাকা। বদ্ধ পানি দূষিত হয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ। মঙ্গলবার পানি নিষ্কাশনের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে সরেজমিন গমন করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম। স্লুইস গেটের সামনের পলি অপসারণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, মহিলা ইউপি সদস্য দোলন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে জামায়াত নেতা এড. শহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
