আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুৃয়ারডাঙ্গা ও গদাইপুরসহ পার্শবর্তী এলাকা বৃষ্টির পানির চাপে জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমাগত পানির চাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
প্রথম দফায় টানা ৮/১০ দিনের বৃষ্টির পানিতে অন্যান্য এলাকার ন্যায় তুয়ারডাঙ্গা-গদাইপুর এলাকার নিম্ন অঞ্চলের ঘরবাড়ি, দোকানপাট, মৎস্য ঘের, ফসলের জমি নিমজ্জিত হয়ে যায়। পানি নিস্কাশনের পথ জাল, নেটপাটা ও মাটির বাঁধের কারনে এলাকার পানি নদীতে সরতে পারছেনা। ১ দিন বিরতির পর পুনরায় গত ৩ দিনের মুষলধারা বৃষ্টিতে এবার উচু ভূমিও জলমগ্ন হতে চলেছে। নতুন নতুন এলকার মানুষের ঘরবাড়ি, রান্না ঘর, টয়লেট, টিউবওয়েল, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের পুকুর, জলাশয়, বেড়, বাগান, চলাচলের পথ সবকিছু এখন পানিতে ডুবে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। মানুষ কোন কোন স্থানে পানিবন্ধী জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।
সাতক্ষীরার জজ কোর্টের প্রবীন আইনজীবি এড. শহিদুল্লাহ জানান, খাজরা ইউনিয়নের মানুষ পানির চাপে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, যাতয়াতের পথ, পুকুরঘাট সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তিনি দ্রুত পানি নিস্কাশন ব্যবস্থা কার্যকর করে এলাকাবাসীকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
