এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির বড়দলে শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপে নিরাপত্তা জোরদার ও সমুন্নত রাখতে ২১ পূজা মন্ডপে ৪২ সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকালে উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এখনও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে থামিয়ে দিতে নানাধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আমাদের সকলকে সর্বদা চোখ কান খোলা রেখে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে। এবার শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। যাতে কোন অপরাধী অন্যায় করে পার না পায়। আপনারা নিশ্চিন্তে দূর্গোৎসব পালন করে যাবেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শারদীয়া দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আমাদের নেতা কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম, বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারন সম্পাদক ইউপি সদস্য চন্দ্রকান্ত মন্ডপ, ইউপি সদস্য । উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশীদ, হাসান আলী, ফারুক হোসেন, হাফিজা খাতুন তমা, রেহেনা খাতুনসহ বড়দল ইউনিয়নের ২১ পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
