আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরে ভন্ড কবিরাজ আনজুয়ারার খপ্পরে পড়ে দুই দিনমজুর নিঃস্ব হয়েগেছে। এব্যাপারে অসহায় দিনমজুররা থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী দিনমজুর সোদকনা গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে আছান শেখ ও ভরত তরফদারের ছেলে সাধন তরফদার বাদী হয়ে দাঢেরকৃত পৃথক এজাহার সূত্রে জানাগেছে, ৫ মাস পূর্বে আছান শেখের স্ত্রী হোসনে আরা খাতুন বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে কবিরাজ আঞ্জুয়ারার কাছে গেলে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার নাম করে নগদ ১২ হাজার টাকা এবং একটি ছাগল বাবদ ১২ হাজার টাকা হাতিয়ে নেন। নির্দিষ্ট সময়ের মধ্যে স্ত্রীকে ফিরে না পেয়ে কবিরাজের কাছে গেলে নানাভাবে তালবাহানা করতে থাকেন। কিছুদিন পর জানতে পারেন কবিরাজ একজন প্রতারক। এছাড়া সাধন তরফদারের মেয়ে স্বামীর ঘরে যেতে না চাওয়ায় উল্লেখিত কবিরাজ আনজুয়ারার শরণাপন্ন হয়। সাধন তরফদারের সরলতার সুযোগে ভন্ড কবিরাজ একই ভাবে তার কাছ থেকে দুই দফায় ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পর সেও জানতে পারে তারা প্রতারণার শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভন্ড কবিরাজের বিরুদ্ধে প্রতারণার শত শত অভিযোগ আছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, এ সংক্রান্তের দু’টা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
