তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় থানা পুলিশ বিশাল আকৃতির এক গাঁজা গাছ উদ্ধারসহ গাছের মালিক সঞ্জয় দে (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক সঞ্জয় উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের মৃত বৈদ্য নাথ দে’র ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সঞ্জয়ের পানের বরজ থেকে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করেন। উদ্ধারকৃত গাছের বয়স এক/ দেড় বছর হবে বলে ধারনা করছে থানা পুলিশ। থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজা গাছটি বটবৃক্ষের মত। গোপন সংবাদে গাছটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গাছের মালিককে। থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
